শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বুধবার (৮ জুন) গোপালগঞ্জ সফর করেছেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের আবাসিক ভবন ‘মধুমতি’-এর শুভ উদ্বোধন করেন। এছাড়া তিনি গোপালগঞ্জ সদরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) বাস্তবায়িত জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের চার তলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উদ্বোধনকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে শিক্ষার উন্নয়নের ভিত রচনা করে গেছেন। তারই কন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। প্রতিবছরই শিক্ষাখাতে বরাদ্দ বাড়াচ্ছে সরকার। সারাদেশে শিক্ষাকার্যক্রমের উন্নতি ও অগ্রগতির জন্য আন্তরিকভাবে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যে কোন অনিয়ম-দুর্নীতি এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষা সচিব।