কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।
বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
নির্বাচনে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
এদিকে ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে এবং এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা জানান।
সিইসি বলেন, ‘সার্বিক দিক বিবেচনায় বলা যায়, কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ আসেনি। এ সিটিতে (কুমিল্লা) প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। খুব বিরূপ মন্তব্যও আমরা পাইনি।’
ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে অভিযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) স্লো ছিল না। যারা বয়স্ক ভোটার, তাদের একটু সমস্যা হয়েছে। ফলে ভোটগ্রহণে কিছুটা ধীরগতি ছিল। যারা ভোট দিতে অভ্যস্ত না, তাদের বুঝতে সময় লেগেছে। যারা ইভিএমে অভ্যস্ত, ভোট দিয়েছেন বুঝেছেন, তাদের ১৫ থেকে ৩০ সেকেন্ড লেগেছে। কেউ কেউ বলেছেন, ইভিএমের মাধ্যমে তাদের একটু অসুবিধা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, যারা একটু বয়স্ক, তাদের জন্য ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অসুবিধা হয়েছে। সাধারণভাবে ইভিএমের মাধ্যমে ভোটটা ভালো হয়েছে।