বন্যার পানিতে নেত্রকোনার বারোহাট্টা উপজেলার ইসলামপুর এলাকায় রেললাইনের নিচের মাটি সরে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে আন্তঃ উপজেলার সড়ক যোগাযোগও।
শনিবার সকাল ৮টার পর থেকে এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর মধ্যে মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেস ও বারহাট্টা স্টেশনে ২৬২ নম্বর লোকাল ডাউন ট্রেন আটকা পড়ে আছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বারহাট্টা স্টেশনের স্টেশনমাস্টার গোলাম রব্বানী জানান, বন্যার পানিতে শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথের ইসলামপুর এলাকায় একটি বক্স সেতু ভেঙে গেছে। এ ছাড়া কয়েকটি স্থানের রেললাইন বন্যার পানিতে ডুবে গেছে। তাই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। লোকাল ট্রেনটি বারহাট্টা থেকে ঘুরিয়ে ময়মনসিংহে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর ও বারহাট্টা উপজেলায় বন্যা হয়েছে। এরমধ্যে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সবগুলো গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। অসংখ্য রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। জেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন পাঁচ লক্ষাধিক মানুষ।