প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (২১ জুন) সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি প্রত্যক্ষ করেন। এসময় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি ‘লো ফ্লাই মোড’ বজায় রেখে উড়তে থাকে।
পরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেট সার্কিট হাউসে যান, সেখানে তাঁর বিভাগীয় ও জেলা প্রশাসন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সিলেট মহানগর, জেলা ও পাশের বিভিন্ন জেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতারা মতামত তুলে ধরেন। দুপুর সাড়ে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মতবিনিময় চলছিল।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বন্যা নিয়ে দু:শ্চিন্তার কিছু নেই। বন্যা মোকাবেলায় সরকার সব ধরণের ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে।
এর আগে বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা সমুদ্রে পরিণত হওয়া বিশেষ করে সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার্তদের সরিয়ে নিতে এবং অসহায় মানুষকে সাহায্যের জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে কর্তৃপক্ষ সেনা বাহিনীর প্রতি আহ্বান জানায়, একইসঙ্গে নৌবাহিনী ও বিমান বাহিনীর ইউনিটগুলিকে ডাকা হয়েছে।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ১৫ থেকে ১৮ জুন বন্যা কবলিত জেলাগুলোর জেলা প্রশাসকদের তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে নগদ ২ কোটি ২ দশমিক ২৫ লাখ টাকা, ৪শ’ মেট্রিক টন চাল এবং ৪১,০০০ প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ করেছে।