মায়ের মৃত্যুতে এখনও শোকাহত পরিবেশ বিরাজ করছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাংগীর আলমের পরিবারে। রত্নগর্ভা মাকে হারানোর শূন্যতা নিয়ে দিন কাটাচ্ছেন সন্তানরা। অন্যান্য স্বজনরাও তাদের প্রিয়জনকে হারানোর স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন।
গত ২১ জুন সকাল সাড়ে ৯ টায় পটুয়াখালীর মির্জাগঞ্জের চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়ার সহধর্মিনী রত্নাগর্ভা আম্বিয়া বেগম বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। তার মৃত্যুর সময় তার গর্বিত চার সন্তানের তিন সন্তান বিদেশে অবস্থান করছিলেন। তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাংগীর আলম সরকারি সফরে অস্ট্রেলিয়ায় এবং আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ছিলেন দেশটিতে। মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো প্রিয় মুখটি দেখার জন্য দেশে ফিরে আসেন। দুইদিন অপেক্ষার পরে সন্তানেরা পটুয়াখালীর মির্জাগঞ্জে তাদের নিজ বাড়িতে উপস্থিত হলে শোকে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবার।
দাফনের আগে বাড়ির পাশেই একটি স্থানে অনুষ্ঠিত হয় মরহুমের জানাজা। সেখানে সন্তানরাসহ আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্খীরা অংশগ্রহণ করেন। জানাজার আগে মায়ের সংক্ষিপ্ত স্মৃতিচারণ এবং তারজন্য ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম এবং আবু জাফর। এসময় তাদের সঙ্গে উপস্থিত মুসল্লিরাও কান্নায় ভেঙ্গে পড়েন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রত্নগর্ভা এই মায়ের দাফন সম্পন্ন করা হয়।