ইরানের তেহরানে বাংলাদেশ দূতাবাসে কুক কাম গার্ডেনার হিসেবে চাকরি করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন ওয়াসিম আনছারী নামের একজন বাংলাদেশি। মানিকগঞ্জের ঘিওরের তাড়াইল গ্রামের বাসিন্দা মান্নান আনছারীর সন্তান ওয়াসিম আনছারীকে ইরানে দীর্ঘ একবছর ধরে মারধর, তালাবদ্ধ করে রাখা, গালি-গালাজ এমনকি বেশ কিছুদিন জেল খাটার মত নির্যাতন শেষে তাকে অনেকটা খালি হাতে দেশে ফেরত পাঠানো হয়। অমানষিক এই নির্যাতনের ঘটনায় তার অসুস্থ স্ত্রী সহ পরিবারের সদস্যদের মাঝে চরম হতাশা নেমে এসেছে।
শুধু তাই নয় দেশে ফেরার পরও নানা ধরণের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে ওয়াসিমকে। এতে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে তার পরিবারে। এ অবস্থায় জীবনের নিরাপত্তা এবং বিদেশে কর্মরত সময়ের প্রাপ্য বেতন ও ক্ষতিপূরণ এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে গত বছরের ২৬ সেপ্টেম্বর ঢাকায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করা হলেও আজও কোন প্রতিকার পাননি ভুক্তভোগী ওয়াসিম আনছারী।
পররাষ্ট্রমন্ত্রণালয়ে জমা দেওয়া আবেদন সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৭ আগস্ট ইরানে বাংলাদেশ দূতাবাসে কুক কাম গার্ডেনার হিসেবে কাজে নিযুক্ত হন ওয়াসিম আনছারী। তার পাসপোর্ট নম্বর: ইএ-০৯৩৯৪৭৬. তার ছোট বোনের স্বামী ও ফুপাতো ভাই রেজাউল করিম (সেলিম) এই চাকরি পেতে তাকে সহযোগিতা করেন। রেজাউলের সঙ্গে রাষ্ট্রদূত গওসোল আযম ও তার স্ত্রী সাদিয়া আযমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং কিছুদিন ধরে বিভিন্ন ধরনের ব্যবসা করে আসছিল। আনছারীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে রেজাউলের শর্ত ছিল যে, তাদের আত্মীয়তার সম্পর্কের বিষয়টি যেন রাষ্ট্রদূতসহ কেউ না জানে। শর্ত মেনে চাকরিতে যোগ দেওয়ার প্রথম ১০ দিন ভালভাবেই দিন পার হয়। এর কিছুদিন পরই নির্যাতন শুরু হয়। রেজাউলের সঙ্গে রাষ্ট্রদূতের পরিবারের ব্যবসায়িক লেনদেনে সমস্যা হলে আনছারীর মোবাইল নিয়ে নেয় সাদিয়া আম। তারপর তার ফেসবুক ও অন্যান্য তথ্য ঘাটাঘাটি করে সেলিমের সঙ্গে তার আত্মীয়তার বিষয়টি বুঝতে পারেন এবং তাদের ব্যবসায়িক লেনা-দেনায় ভাটা পড়ে।
ওয়াসিম আনসারী জানান, সেলিমের সঙ্গে রাষ্ট্রদূতের পরিবারের লেনদেনে সমস্যার পর থেকেই আমার ওপর কাজের চাপ বাড়িয়ে দেওয়া হয়। আমি ছিলাম ডায়াবেটিস ও হাই প্রেশারের রোগী। ধীরে ধীরে আমি অসুস্থ হয়ে পড়ি। ফলে চাকরিতে নিয়োগের মাত্র তিন মাসের মাথায় আমি রিজাইন দিতে বাধ্য হই। কিন্তু তারা তা গ্রহণ না করে আমার ওপর মানসিক নির্যাতন বাড়িয়ে দেয়। সবসময় তারা আমার ওপর বাবা-মা ও ফ্যামিলি নিয়ে অকথ্য ভাষায় গালাগালি ও খারাপ আচরণ করতে থাকেন। একপর্যায়ে ২০২১ সালের ৭ জুলাই আমার ওপর ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। গওসোল আযম, সাদিয়া আযম ও একাউন্টেন্ট মোস্তফা কামাল হোসেনরা আমাকে অনেক হুমকি দিয়েছে, আমাকে ও আমার পরিবারকে র্যাব দিয়ে গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। আমাকে মেরে ফেলা, জেলো পাঠানোর হুমকি দেওয়া হয় এবং আমার গায়ে হাত তোলা হয়। ওই দিন আমার রুমে ঢুকে মূল্যবান কাগজ ও কিছু ডলার, মোবাইল, ল্যাপটপ এবং ইরানি রিয়াল নিয়ে যায়।
ওয়াসিম বলেন, প্রত্যেক মাসে আমার সাইন নিত কিন্তু বেতন দিত না। শুধু হাত খরচের জন্য কিছু দিত এবং বাকি টাকা যাওয়ার সময় দিবে বলে জানানো হতো। একবার শুধু অনেক রিকোয়েস্টে ৯০০ ডলার দুবাই থেকে জনতা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলাম। এরইমধ্যে তারা আমার কাছ থেকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে আমাকে ভিডিও রেকর্ডিং ও অডিও রেকর্ডিং এবং বিভিন্ন জায়গায় সাইন ও টিপসই নিয়েছে, যা আমি দিতে চাইনি।
তিনি বলেন, দীর্ঘ দুই মাস ২০ দিন আমি আমার পরিবারের সঙ্গে কোন যোগাযোগ করতে পারিনি, আমার মোবাইল তারা জব্দ করে রাখে। অন্যদিকে আমার পরিবার আমার সাথে যোগাযোগ না করতে পেরে অসুস্থ হয়ে পড়ে। আমার স্ত্রী স্ট্রোক করে আইসিইউতে ভর্তি ছিল। তারপরও তার সঙ্গে কোন যোগাযোগ করতে পারিনি। এমনকি আমার অসুখ বেড়ে গেলেও নতুন করে ওষুধ আনতে পারিনি। প্রায় তিন মাস আমাকে তালাবদ্ধ করে রাখা হয়। বাড়ির বাইরে আমাকে যেতে দেওয়া হয়নি এবং চাকরিরত অবস্থায় কোন ছুটি না দিয়ে পাশবিক নির্যাতন চালানো হয়।
ওয়াসিম জানান, আমার ওপর নির্যাতনের বিষয়টি দূতাবাসের সবাই জানতেন, তবে চাকরির ভয়ে কেউ কিছু বলতেন না। ২০২১ সালের ২৭ আগস্ট রাত ১০ টার দিকে আমি আমার মোবাইল চাওয়াতে তারা ৩ জন আমার ওপর ক্ষিপ্ত হয়। আমার ওপর গালাগালি এবং হুমকি দেওয়া শুরু করলে এক পর্যায়ে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজেই নিজের শরিরে আঘাত করতে থাকি আর বলতে থাকি যে-আমি পাগল হয়ে গেছি। তারপর সুইমিং পুলের সামনে একটা টি টেবিলের গ্লাস আমার মাথার আঘাতে ভেঙ্গে যায়। এতে আমার ওপর গালিগালাজ আরও বেড়ে যায়। ওই দিন রাত ১টার দিকে পুলিশ এসে আমাকে আটক করে নিয়ে যায়। গত বছরের ২৭ আগস্টা থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমাকে জেল খাটতে হয়।
তিনি বলেন, গত বছরের ১৫ সেপ্টেম্বর জেল থেকে বের হওয়ার পর দূতাবাসের প্রটোকল অফিসার মাসুদ নাজাফীর বাসায় ৫ রাত থাকি। এরমধ্যে একাউন্টেন্ট এবং রাষ্ট্রদূত ও তার স্ত্রী সাদিয়া আজম যা যা করতে বলেছেন, আমাকে জোর করে ভিডিও, অডিও, বিভিন্ন কাগজে স্বাক্ষর ও টিপসই নিয়ে নিয়েছেন, যা আমার ইচ্ছার বিরুদ্ধে।
ওয়াসিম জানান, আমাকে খুন করার হুমকি দিয়ে এইচওসি ওয়লিদ ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বাজে স্টেটমেন্ট দিতে বাধ্য করে এবং তার বিরুদ্ধে লিখিত নেয়, যদিও এ ঘটনার কোন কিছুই সে জানে না।
তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর আমি বাংলাদেশে আসি, কিন্তু আমার বেতন, বোনাস, সার্ভিসের টাকা, আমার মোবাইল, কাপড়, যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজ, দাবি কিছু জিনিস এবং খালি হাতে মাত্র ১৫০০ ডলার হাতে দিয়ে বিভিন্নভাবে খরচ দেখিয়ে আমার কাছ থেকে সাইন এবং টিপসই নেয়। ২০২০ সালের ২৭ আগস্ট থেকে পরবর্তী বছরের ২৭ আগস্ট পর্যন্ত আমি কাজ করি। কিন্তু তারা আমার কাছে সই নিয়েছে যে, আমি ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত আমি কাজ করি-এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমার এক বছরের সার্ভিস মানি ও ইরানের নতুন বছরের একটা বোনাস দেয়নি এবং আগস্টা মাসের বেতন ও আগের বেতনগুলো বুঝে পাইনি। কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার কাছ থেকে জোর করে ভয় এবং হুমকি দিয়ে ভিডিও, অডিও রেকর্ডিং করেও বিভিন্ন কাগজে স্বাক্ষর নিয়েছে।
আনছারী বলেন, এ অবস্থায় আমি আশঙ্কা করছি যে, আমার এবং আমার পরিবারের জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমার স্ত্রী ও আমার অবস্থা খারাপ থাকার কারণে আবেদনে একটু দেয়ি হয়ে গেল। অতএব মানবিক দিক বিবেচনা করে নিজের এবং তার পরিবারের জীবনের হুমকি থেকে বাঁচতে, প্রাপ্য বেতন পেতে, ক্ষতিপূরণ প্রদান এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান ওয়াসিম আনসারী।