শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • এলো কোরবানির ঈদ

    নিজস্ব প্রতিবেদক

    ৯ জুলাই, ২০২২ ০৫:৩০ পূর্বাহ্ন

    এলো কোরবানির ঈদ

    পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে রোববার। দুরাকাত নামাজ আদায়ের পর মহান আল্লাহর নৈকট্য ও সন্তষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে অন্যতম ধর্মীয় এ উৎসব উদযাপন করবেন দেশের মুসলমানরা। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন।


    করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দুই বছর পর এবার অনেকটা স্বাভাবিক পরিবেশে ঈদুল আজহা উদযাপনে দেশের সর্বত্রই চলছে শেষ প্রস্তুতি। অবশ্য সম্প্রতি করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবারের ঈদ জামাতে অংশ নিতে স্বাস্থ্যবিধি মানার জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ঈদ উদযাপনের আনন্দের কাছে করোনা ভীতি নেই বললেই চলে।

    এদিকে ভিন্ন ভিন্ন পরিস্থিতির কারণে এবার দেশের বিভিন্ন এলাকায় ঈদুল আজহা উদযাপনে ভিন্ন মাত্রা দেখা যাবে। স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় এবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অনেকটা স্বস্তির ঈদযাত্রায় যেমন বাড়তি আনন্দ যোগ হবে, তেমনি ব্যবসায়ীদের মাঝেও বেশ সন্তোষজনক পরিস্থিতি বিরাজ করছে। তবে অন্যদিকে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে দেশের পূর্ব ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের ঈদ উদযাপনের চিত্র হবে অনেকটাই ব্যতিক্রম।

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আলাদা বাণী দিয়েছেন। এছাড়া জাতীয় পার্টি ও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতারাও ঈদের শুভেচ্ছা বাণী দিয়েছেন।

    প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে ত্যাগ ও আনন্দের বার্তা নিয়ে মুসলমানদের দুয়ারে হাজির হয় পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশসহ সারাবিশে^র মুসলমানের কাছে ঈদুল আজহা কোরবানির ঈদ হিসেবে পরিচিত। এদিন মুসলমানরা জামাতের সঙ্গে ঈদের দুই রাকাত নামাজ আদায় করেন এবং সাধ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, উট ইত্যাদি পশু কিনে কোরবানির মাধ্যমে মহান আল্লাহর সন্তষ্টি অর্জনের চেষ্টা করেন।

    কয়েক হাজার বছর আগে এদিনে সৃষ্টিকর্তা মহান আল্লাহর নির্দেশে তার সন্তষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় সন্তান হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে আল্লাহর রাস্তায় আত্মত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে আল্লাহর ইশারায় একটি দুম্বা কোরবানির মাধ্যমে সে নির্দেশ বাস্তবায়িত হয়। এরপর থেকেই মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের নিদর্শন হিসেবে প্রতিবছর গৃহপালিত পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগের প্রতীকী পরীক্ষা দেওয়ার বিধান চালু হয়। পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে এ কোরবানি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য বাধ্যতামুলক (ওয়াজিব) করা হয়।

    পবিত্র জিলহজ মাসের ১০ তারিখ কোরবানির এ দিনটি পালিত হয়। তবে ধর্মীয় বিধান অনুসারে পবিত্র এ মাসের ১০, ১১ এবং ১২ তারিখের যে কোনোদিনই পশু কোরবানি দেওয়া যায়। জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে ৯ জিলহজ তথা শুক্রবার হজের মূল কাজ শেষ হয়েছে। হজ শেষে হাজিরা আজ শনিবার ঈদ উদযাপন করবেন।
    দেশে ঈদুল আজহা উদযাপনের এরই মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় শেষ করেছেন সর্বস্তরের মুসলমান। তবে কোরবানির পশু কেনা এখনও শেষ হয়নি অনেকের। ঈদের আগে আজ শেষ দিনে প্রায় সবাই এ কাজটি সম্পন্ন করবেন। অনেক জায়গায় ঈদের দিনসহ পরবর্তী কয়েকদিন কোরবানির পশু বেচাকেনা হয়ে থাকে।

    এদিকে বাবা-মা সহ আপনজনের সঙ্গে মিলে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ঢাকাসহ প্রধান প্রধান নগরীর অধিকাংশ বাসিন্দা নানা ভোগান্তি উপেক্ষা করে ছুটে চলেছেন নিজ নিজ গ্রামের বাড়িতে। আপনজনের সঙ্গে একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগির চেষ্টা করবেন অনেকেই। রাজধানী ঢাকা শুক্রবারই অনেকটা ফাঁকা হয়ে গেছে। তবে নানা কারণে ইচ্ছা থাকা সত্তে¡ও আপনজনের কাছে যেতে পারবেন না অনেকে। এছাড়া অনেকেই ঈদ করবেন কারাগারের অন্ধ প্রকোষ্ঠে।

    ঈদুল আজহার নামাজের জন্য রাজধানীতে জাতীয় ঈদগাহসহ দেশের সব ঈদগাহ মাঠ ও মসজিদে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আবহাওয়া অনুক‚লে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে সকাল ৮ টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া প্রতিক‚ল বা অন্য কোন অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

    অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭ টা থেকে বেলা পৌণে ১১ টা পর্যন্ত ৫ টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
    ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়।
    সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এরপর সকাল ৮টার দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।
    বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক থাকবেন সকাল ৯টার তৃতীয় জামাতে ইমামের দায়িত্বে। সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী।বেলা পৌনে ১১টার সর্বশেষ ঈদের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম।
    পাঁচটি জামাতের কোনোটিতে কোনো একজন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আবদুল্লাহ।
    সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল আযহার নামায আদায়ের জন্য মুসল্লীদের সুবিধার্থে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যাপ্ত পানি ও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
    এছাড়া দুই সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঢাকা মহানগরীর সব ঈদগাহে ঈদ জামাত হবে।
    দেশের বৃহত্তম ঈদুল আজহার জামাত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে আয়োজনের সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
    এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানেও অন্যতম বৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।  
    এদিকে শুক্রবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি ও নিরাপত্তার ব্যবস্থা পর্যক্ষেণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এসময় তিনি রাজধানীবাসীর উদ্দেশ্যে বলেন, যে যেখানে খুশি নামাজ পড়তে যান, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মহানগর পুলিশের। তবে বৃষ্টির দিন যেহেতু, তাই ঈদগাহে আমরা ছাতা ছাড়া অন্যকিছু অ্যালাও করবো না।

    তিনি বলেন, ঈদের জামাতে কেউ যেন মোবাইল ডিভাইস সঙ্গে না আনেন, আনলেও যেন হাতে রাখেন। অনেকেই নামাজ শেষে তার মোবাইল খুঁজে পান না। ঈদ জামাতে মুসল্লিদের মধ্যে অনেকেই অসৎ উদ্দেশে আসেন, যাদের আলাদা করা কঠিন। এছাড়া সঙ্গে অন্য কোনো ব্যাগ বহন করা যাবে না।
    জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীর ঈদ জামাতগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

    ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ তার বাণীতে বলেন, কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। বিগত দু’টি বছর বাংলাদেশসহ গোটা বিশ্ব করোনা মহামারির বিভীষিকার মধ্যেই ইদুল আজহা উদযাপন করেছে। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও ভবিষ্যৎ সংক্রমণ বৃদ্ধি রোধে যথাযথ সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে। করোনা মহামারি ও বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি উর্ধ্বমুখী। এ প্রেক্ষাপটে বিশ্বব্যাপী নিম্নআয়ের মানুষ নানা সীমাবদ্ধতার মাঝে দিনাতিপাত করছে। তারাও যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় এবং ঈদোৎসবে শামিল হতে পারে সেলক্ষ্যে আমি দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহŸান জানাচ্ছি। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।  

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, করোনাভাইরাস আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। এসময় সকলকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে। পাশাপাশি আমি এই মহামারিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানাই। আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে সবাই দ্রæত মুক্তি পাই।

    আসুন, আমরা সকলে পবিত্র ইদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।

    এদিকে লোডশেডিংয়ের কারণে এবার ঈদে সব ধরণের আলোকসজ্জ্বায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তাই এবারের ঈদে রাজধানীর ভবনগুলোতে ভিন্ন চিত্র দেখা যাবে। তবে আন্ত:মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।

    এ উপলক্ষে সরকারি/বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ লিখিত ব্যনার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোষ্টে প্রদর্শন করা হবে।

    বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমসমূহ যথাযোগ্য গুরুত্ব সহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রসমূহে বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে। এছাড়াও পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল/কারাগার/সরকারি শিশু সদন/বৃদ্ধ নিবাস/মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন এর ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। এ উপলক্ষে সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    ঈদ উপলক্ষে জাতীয় সংবাদপত্রগুলোতে আজ থেকে ৩ দিনের ছুটি শুরু হয়েছে। তাই আগামী ৩ দিন পত্রিকা প্রকাশিত হবে না। সরকারি-বেসরকারি অফিসগুলোও আজ থেকে ৩ দিন বন্ধ থাকবে।

     

     

     

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর