রোববার পবিত্র ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুত দেশের সব ঈদগাহ এবং সংশ্লিষ্ট মসজিদগুলো। এদিন দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে। আবহাওয়া অনুক‚লে থাকলে সকাল ৮ টায় এই জামাত অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া প্রতিক‚ল বা অন্য কোন অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭ টা থেকে বেলা পৌণে ১১ টা পর্যন্ত ৫ টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়।
সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এরপর সকাল ৮টার দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক থাকবেন সকাল ৯টার তৃতীয় জামাতে ইমামের দায়িত্বে। সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী।বেলা পৌনে ১১টার সর্বশেষ ঈদের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম।
পাঁচটি জামাতের কোনোটিতে কোনো একজন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আবদুল্লাহ।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল আযহার নামায আদায়ের জন্য মুসল্লীদের সুবিধার্থে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যাপ্ত পানি ও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া দুই সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঢাকা মহানগরীর সব ঈদগাহে ঈদ জামাত হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রীপরিষদের সদস্যবর্গ, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লীগণ জামাতে অংশ নেবেন।
এই জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে সকল আগ্রহী মুসল্লীগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
পবিত্র ঈদুল আজহায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াতে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায়।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল সাড়ে ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া, আজিমপুরের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।
দেশের বৃহত্তম ঈদুল আজহার জামাত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে আয়োজনের সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। সকাল ৮ টায় সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অন্যতম বৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।#