জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রাস্তায় চলাচলের সময় যানবাহন চালকদের আরো সতর্ক হতে হবে। বুধবার (১৩ জুলাই) মেহেরপুরের জেলা প্রশাসন কনফারেন্স রুমে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি একথা বলেন।
তিনি বলেন, অনেক সময় চালকরা অসতর্কভাবে গাড়ি চালান। ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এছাড়া কিছু কিছু মোটরবাইক চালক বেপরোয়া ভাবে গাড়ি চালান, যা তাদের নিজেদের জন্য এবং অন্যান্য যানবাহন ও পথচারীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই মোটরবাইক সহ অন্যান্য যানবাহন চালকদের আরো সতর্কভাবে গাড়ি চালাতে হবে।
এর আগে তিনি জেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন। এসময় তিনি রুপকল্প ২০৪১ এর অগ্রযাত্রায় মেহেরপুর (Meherpur in 2041) শীর্ষক গ্যালারীর উদ্বোধন করেন। জেলা প্রশাসকের কার্যালয় এর নিচতলায় স্থাপিত গ্যালারীতে জেলা ব্র্যান্ডিং, বঙ্গবন্ধু কর্ণার, মুক্তিযুদ্ধ কর্ণার, পর্যটনে মেহেরপুর শীর্ষক ফোটো গ্যালারীর পাশাপাশি রয়েছে ড্রিম ট্রাজেক্টরি যাতে ২০৩০, ২০৪১, ২০৭১ ও ২১০০ সালের স্বপ্নের সোনার বাংলাদেশকে তুলে করা হয়েছে। দুই তলায় স্থাপিত ডিজ়িটাল স্মার্ট মিডিয়ার মাধ্যমে রুপকল্প-২০৪১ এর অগ্রযাত্রায় মেহেরপুর এর স্বাস্থ্য, শিক্ষা, কৃষি খাতকে ফুটিয়ে তোলা হবে।
এ সময় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।