সম্প্রতি পদ্মা নদীতে ট্রলারডুবিতে চরফ্যাসনের ২২ জন যাত্রীকে উদ্ধার করে সাহসী ও মানবিক দৃষ্টান্তের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে ধন্যবাদ পত্র দিয়ে কৃতজ্ঞতা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
উল্লেখ্য, গত ২৫ জুন বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে নৌ দুর্ঘটনার শিকার হন ২২ জন। কিন্তু পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা।
ঘটনার পরদিন ২৬ জুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কবির বিন আনোয়ার।
তিনি বলেন, গত ২৫ জুন (শনিবার) পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্পিডবোটে করে ফেরার পথে হঠাৎ পদ্মা নদীর মাওয়া অংশে কিছু ভাসমান মানুষ দেখতে পান। পরে সচিব জানতে পারেন-তারা একটি ডুবে যাওয়া নৌকার যাত্রী। তারা প্রাণ বাঁচানোর জন্য আবেদন জানাচ্ছিলেন।
তাৎক্ষণিকভাবে সচিব বিচক্ষণতার সঙ্গে আবেদনে সাড়া দেন এবং তাদের উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় তিনি ফোনে কথা বলে অল্প সময়ের মধ্যে আরেকটি স্পিডবোট ঘটনাস্থলে নিয়ে আসেন। এরপর একে একে ২২ জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসেন।
কবির বিন আনোয়ার বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের বাড়ি ভোলার চরফ্যাশনে। তাদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ছাড়া উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবার-স্বজনের সঙ্গে ফোনে যোগাযোগ করেন তিনি।
সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের দক্ষতায় ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপে প্রাণ বেঁচে যায় ২২ জনের। যা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন প্রত্যক্ষদর্শী, সচিবের শুভাকাঙ্খী এবং চরফ্যাশনবাসী।