বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে আশ্রয়ণ প্রকল্পের অধীনে ঘর হস্তান্তরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ” বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমারই। কারো কাছে যদি খবর থাকে যে বাংলাদেশের একটি মানুষ ভূমিহীন ও গৃহহীন আছে- অবশ্যই আমাদের খবর দেবেন। দল-মত-নির্বিশেষে যে-ই গৃহহীন থাকবে- আমরা তাদেরকেই ঘর করে দেব, তাদের ঠিকানা দেব, তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দেব।”
কথাগুলো অবশ্যই প্রশংসনীয়। তবে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে খোদ রাজধানীর বুকে, গণভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে শাহবাগের রাস্তায় চাকরির দাবিতে আজ ৪৮তম দিনের মতো অনশন পালন করছেন একদল নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক সমাজ। অসহায় এই মানুষগুলোর কান্না দেখার কেউ নেই। তারা চাতক পাখির মতো তাকিয়ে আছে শেষ ভরসার জায়গা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে।দাবি পূরণের জন্যে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও এনটিআরসিএ’র সাথে আলোচনায় বসতে চান অনশনরত শিক্ষকরা। তাদের বিশ্বাস আলোচনার সুযোগ হলে প্রধানমন্ত্রী অবশ্যই অসহায় এই শিক্ষকদের দাবি মেনে নিবেন।
প্যানেল প্রত্যাশীদের অভিযোগ, এনটিআরসিএ’র খামখেয়ালিপনা ও অদূরদর্শী সিদ্ধান্তে হাজারো হবু শিক্ষক নিয়োগ বঞ্চিত রয়েছেন। যতখুশি ততো আবেদন ও ইনডেক্সধারীদের বারবার আবেদনের সুযোগ দেওয়ায় তাদের চাকরি হয়নি। শত-শত আবেদন করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেকে। এনটিআরসএ বেকার অসহায়দের থেকে কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য করছে কিন্ত এর বিপরীতে ইনডেক্সধারীদের শুধুমাত্র বদলীর ব্যবস্থা করছে। এই অনিয়ম অব্যবস্থাপনার একমাত্র সহজ সমাধান হলো প্যালেন ভিত্তিক নিয়োগ।