চলতি বছর জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৩১ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ পদক দেওয়া হচ্ছে। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ২৩ জুলাই বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে এবারের মনোনীতদের হাতে পদক তুলে দেবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারিতে জনগণের পাশে থেকে রাতদিন সেবা দিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ (বর্তমানে নারায়ণগঞ্জের ডিসি)। আর ওই সময় তার পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা দিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম। তাদের এই সেবা দেশে ‘চাঁপাই মডেল’ নামে পরিচিতি পায়। এবারের ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ এর ‘দুর্যোগ ও সামাজিক সংকট মোকাবিলা’ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন চাঁপাই মডেলের এই চার কর্মকর্তা। একইভাবে গবেষণা ক্যাটাগরিতে দলগতভাবে পদক পাচ্ছেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবু হেনা মোরশেদ জামান। সংস্কার ক্যাটাগরিতে ‘ভূমি তথ্য ব্যাংক’ উদ্যোগের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান পর্যায়ে পদক পেয়েছে ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান।
উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ আরও যারা পদক পাচ্ছেন : জনসেবা উদ্ভাবন ক্যাটাগরিতে দলগতভাবে পদক পাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকার ডিসি মো. শহীদুল ইসলাম এবং সুরক্ষা ডেভেলপার ইউনিট। মানব উন্নয়ন ক্যাটাগরিতে পদক পাচ্ছেন বাগেরহাটের ডিসি মোহাম্মদ আজিজুর রহমান, মোল্লাহাটের ইউএনও মো. ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল এবং উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল হোসেন। অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে দলগতভাবে পদক পাচ্ছেন নেত্রকোনায় সাবেক ডিসি ও মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব কাজি মো. আবদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক উপ-পরিচালক হাবিবুর রহমান, খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম, খালিয়াজুরীর সাবেক সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান এবং নেত্রকোনার মদন উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুর রহমান। অপরাধ প্রতিরোধে জন্য দলগত স্বীকৃতি পাচ্ছেন মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুন, সাবেক ডিডিএলজি (বর্তমানে গোপালগঞ্জের ডিডিএলজি) আজহারুল ইসলাম, মাদারীপুর এডিসি (রাজস্ব) ঝোটন চন্দ এবং জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার আবদুল্লাহ-আবু-জাহের। বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে পদক পাচ্ছেন কুমিল্লার ডিসি মোহাম্মদ কামরুল হাসান, এডিসি (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, এডিসি (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফাহিমা বিনতে আখতার এবং নাসরিন সুলতানা নিপা। গবেষণায় দলগতভাবে পদক পাচ্ছেন ময়মনসিংহের এডিসি পারভেজুর রহমান। প্রতিষ্ঠান হিসেবে সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে পদক পাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উন্নয়ন প্রশাসন ক্যাটাগরিতে পানিসম্পদ মন্ত্রণালয়।