রাত ৮ টার পর খোলা রাখা দোকানে অভিযান চালিয়েছে ডিপিডিসি। মঙ্গলবার রাতে রাজধানীর মালিবাগ রাজধানী সুপার মার্কেট এবং যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়, দয়াগঞ্জ মোড়, ধুপখোলা খেলার মাঠ সংলগ্ন বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় বেস্ট বাই, স্বপ্ন সুপার শপ, বাটাসহ বিভিন্ন দোকানের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়।
ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন, প্রকৌশলী মো. মুশফিকুর রহমান, প্রকৌশলী জাহিদ মাহমুদ এবং পুলিশের পক্ষ থেকে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।

রাত ৮ টা থেকে অভিযান শুরু হয়ে ১০টা পর্যন্ত এ অভিযান চলে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নির্দেশনা উপেক্ষা করে যারা রাত ৮টার পর দোকান খোলা রাখছেন তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ লাইট সামগ্রী জব্দ করা হয়।

প্রকৌশলী মুশফিকুর রহমান জানান, মঙ্গলবার একটি গণমাধ্যমে প্রকাশিত হয় যে, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় রাত ৮ টার পরও দোকানপাট খোলা রাখা হচ্ছে। ওই সংবাদের সূত্রধরেই মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালানো হয়।