বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। অর্থাৎ দুই প্যানেল থেকে সভাপতি-সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
সূত্রমতে, এ নির্বাচনে মোট ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জনের ভোট জমা পড়ে। এরমধ্যে ২৬টি ভোট বাতিল হয়। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মিশা প্যানেলের জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। আর কাঞ্চন প্যানেলের নিপুন পেয়েছেন ১৬৩ ভোট।
সহ-সভাপতি পদে ডিপজল (২১৯ ভোট) ও রুবেল (১৯১ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক (২১২ ভোট) পেয়ে জয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর (১৮৪ ভোট)৷ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী (২০৫ ভোট)। দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান (২৩২ ভোট), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন (২০৩ ভোট), কোষাধ্যক্ষ পদে আজাদ খান (১৯১ ভোট) পেয়ে জয়ী হয়েছেন৷
এছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু আর কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন পীরজাদা শহীদুল হারুন। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন বি এইচ নিশান ও জাহিদ হোসেন।
এর আগে শুক্রবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এফডিসিতে উৎসবমুখর পরিবেশে ভোট কার্যক্রম চলে।
২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুইটি প্যানেল এবং দু’জন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও একসঙ্গে প্যানেল দিয়েছেন। তাদের বিপরীতে নতুন প্যানেলে এবার লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। দুই প্যানেলের প্রার্থীরাই ভোটারদের সমর্থন পেতে শেষ তৎপরতা চালান।
এ ভোটকে ঘিরে এফডিসি এলাকায় প্রার্থী ও ভোটার সহ চলচ্চিত্র তারকাদের মিলন মেলায় পরিণত হয়। ভোট দিতে গিয়ে অনেকেই কুশলবিনিময়ের পাশাপাশি আড্ডায় মেতে ওঠেন। অনেকে আবার বিভিন্ন গণমাধ্যমে প্রতিক্রিয়া দিতে ব্যস্ত ছিলেন।
তবে নির্বাচনে বেশ কয়েকজন তারকা শিল্পী ভোট দিতে এফডিসিতে যাননি। তাদের মধ্যে আছেন প্রবীণ অভিনেতা সোহেল রানা। যিনি সম্প্রতি করোনামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও পুরোপুরি সুস্থ নন। করোনায় আক্রান্ত প্রায় দুই সপ্তাহ রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেতা-প্রযোজক।
এছাড়া চিত্রনায়ক ঢাকাই ছবি শীর্ষ নায়ক শাকিব খান গত ডিসেম্বরের শুরু থেকে রয়েছেন যুক্তরাষ্ট্রে। তিনি সেখানকার নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাই শর্ত মতো তাকে ছয় মাস সেখানে থাকতে হবে। যার কারণে তিনি দেশে আসেননি শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে।