দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে মারা যাচ্ছেন ২৩ জন। বছরে সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৪৬৩ কোটি ২০ লাখ টাকার মানব সম্পদের ক্ষতি হয়েছে। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি গতকাল এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬৮৯টি। নিহত ৬৯৬ জন এবং আহত ১৮৬৭ জন। নিহতের মধ্যে নারী ১০৪, শিশু ১০৯ জন। এছাড়া ২৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২২৮ জন, যা মোট নিহতের ৩২.৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭.১৫ শতাংশ। দুর্ঘটনায় ১২০ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৭.২৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ১০৬ জন, অর্থাৎ ১৫.২২ শতাংশ।
এই সময়ে ১৮টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত, ১৩ জন আহত হয়েছেন। ৫৩টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৪৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।